মডেল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদ বাংলাদেশের দুর্গম হাওর, চরাঞ্চল, উপকূলীয় ও পার্বত্য এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় অগ্রাধিকারভিত্তিতে জাতীয়করণের দাবি জানিয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ পদে আত্মীকরণের মাধ্যমে চাকরি, আর্থিক নিরাপত্তা ও ন্যায্য মর্যাদা নিশ্চিত করার আহ্বানও জানায়।
সংগঠনের সভাপতি কামাল হোসেন বলেন, শিক্ষায় অনগ্রসর হিসেবে চিহ্নিত এলাকায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রকল্পে ধাপে ধাপে এসব বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বক্তাদের মতে, বিদ্যালয়গুলো প্রত্যন্ত ও পিছিয়ে পড়া জনপদে মাধ্যমিক শিক্ষার সুযোগ বাড়িয়েছে, যেখানে আগে প্রাথমিকের পর অনেক শিক্ষার্থী ঝরে পড়ত। তারা বলেন, এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করেছে এবং বাল্যবিয়ে ও শিশুশ্রম কমাতেও ইতিবাচক ভূমিকা রাখছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুরুতে প্রকল্প থেকে বেতন-ভাতা ও পরিচালন ব্যয় বহনের কথা ছিল এবং পরে বিদ্যালয়গুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে যাওয়ার কথা ছিল। তবে জাতীয়করণের বদলে সেগুলো এমপিওভুক্ত হওয়ায় বর্তমানে বেসরকারি ব্যবস্থাপনায় চলছে। সংগঠনটি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জাতীয়করণের আহ্বান জানিয়েছে।