চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বুধবার দক্ষিণ পাহাড়তলী এলাকায় ঢুলুনিয়া ঢালা ছড়া, খাগড়িয়া ছড়া ও খোশাল শাহ ছড়ায় পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন ও প্রাকৃতিক জলপ্রবাহ সচল রাখতে চলমান এই উদ্যোগের অংশ হিসেবে তিনি খাল দখলকারীদের স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে, তা না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র জানান, খালের ওপর স্থাপিত স্ল্যাব ও অবকাঠামো পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এসব সমস্যা চিহ্নিত করে খাল ব্যবস্থাকে পরিষ্কার ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ার্ডভিত্তিকভাবে জলাবদ্ধতার কারণ শনাক্ত করে পরিকল্পিতভাবে কাজ চলছে। তিনি আরও বলেন, ৪০টি খালের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যার মধ্যে খাগড়িয়া ও খোশাল শাহ ছড়াসহ গুরুত্বপূর্ণ জলাধার অন্তর্ভুক্ত থাকবে।
ডা. শাহাদাত হোসেন বলেন, হালদা নদী রক্ষায় এর সঙ্গে সংযুক্ত খাল-ছড়াগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। তিনি এলাকাবাসীকে চলমান কাজের মান তদারকিতে অংশগ্রহণের আহ্বান জানান এবং পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে সহযোগিতা কামনা করেন।