মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নে সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালাম বেপারীর বসতবাড়ির ভেতরের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও নকল পণ্য উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিক রমজান বেপারী (২০) ও নকল সিগারেট বিক্রেতা রাসেল মোল্লা (৩০) কে আটক করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত রমজান বেপারীকে এক মাসের এবং রাসেল মোল্লাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করে। প্রায় ৭ লাখ টাকার ভেজাল শিশুখাদ্য, মুখরোচক খাদ্য, কোমল পানীয়, নকল সিগারেট ও কাঁচামাল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিছু পণ্য শিবচর পৌর বাস টার্মিনালে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, জনস্বাস্থ্য রক্ষায় শিবচরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে কেউ ক্ষতিকর ভেজাল পণ্য উৎপাদন বা বিক্রি করতে না পারে।