প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানীর কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে চার হাজারের বেশি দরিদ্র ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ এবং বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের চিকিৎসকেরা এ উদ্যোগের আয়োজন করেন।
বাংলাদেশ শিশু হাসপাতালের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে পারে। তাঁর মতে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ চিকিৎসক এবং আয়োজকদের মানবিক উদ্যোগের প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন।
ডা. মাহবুব আরেফীন রেজানুর তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং স্বাস্থ্যব্যবস্থা আরও উন্নত ও জনবান্ধব হওয়ার আশা প্রকাশ করেন। আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল কর্মসূচির লক্ষ্য। সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ও আয়োজক চিকিৎসকেরা ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। ক্যাম্পে বহু চিকিৎসক রোগীদের সেবা দেন।