বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মীর আশরাফ আলী। পেশাগত দক্ষতা, সততা ও দীর্ঘ কর্মজীবনের সফলতার স্বীকৃতিস্বরূপ তাকে এই দায়িত্বে মনোনীত করা হয়েছে। তিনি ১৭তম বিসিএস পুলিশ ব্যাচের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
বগুড়া সদর উপজেলার সন্তান মীর আশরাফ আলী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ১৬ বছর পদোন্নতিবঞ্চিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের পরে তিনি ধারাবাহিকভাবে পদোন্নতি পেয়ে পুলিশের ডিআইজি পদে উন্নীত হন।
এর আগে তিনি দুই বছর স্পেশাল ব্রাঞ্চ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি রেলওয়ে রেঞ্জের ডিআইজি, ক্রাইম অ্যান্ড অপারেশন হিসেবেও কিছুদিন দায়িত্বে ছিলেন। ২০২৫ সালে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক পান। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন।