সৌদি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সোমবার রাতে হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি মালিকানাধীন জ্বালানি তেলবাহী সুপার ট্যাংকার ‘সিদর’-এ ইরান হামলা চালিয়েছে। সৌদি জাতীয় নৌপরিবহন প্রতিষ্ঠান বাহরি বুধবার জানায়, এ ঘটনায় জাহাজে থাকা ফিলিপাইনের দুই নাবিক নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে ওমানের মুসানদাম উপদ্বীপের উত্তরে অবস্থানকালে জাহাজটিতে কয়েকটি অজ্ঞাত বস্তু আঘাত হানে বলে সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠানের তথ্যে বলা হয়েছে।
একই সময়ে মুসানদামের পূর্বাঞ্চলে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন আরেকটি জ্বালানি তেলবাহী সুপার ট্যাংকার ‘সেনেগাল প্রসপারিটি’ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সৌদি আরবের অভিযোগ নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে তেহরান আগে বলেছিল, হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে সামুদ্রিক মাইনের আঘাতে আগুন লাগে এবং জাহাজ দুটি অনুমোদনহীন পথে চলছিল।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কথিত হামলার নিন্দা জানিয়ে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলারও নিন্দা করেছে। মন্ত্রণালয় উত্তেজনা কমানো, আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ বজায় রাখার ওপর জোর দিয়েছে। তারা জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বানও জানিয়েছে।