আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। লংমার্চটি শনিবার হওয়ার কথা রয়েছে।
খালেক বলেন, খুলনার মানুষ বোমা বিস্ফোরণ, গুলি ও হত্যাকাণ্ডের আশঙ্কায় মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছেন, যা স্বাভাবিক জীবন, ব্যবসা-বাণিজ্য ও চলাচলে প্রভাব ফেলছে। তিনি দলীয়করণ, চাঁদাবাজি এবং জ্বালানি ও বিদ্যুৎ সংকটসহ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতার সমালোচনা করেন। ১১ দলীয় ঐক্যের নেতারা জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি, জনদুর্ভোগ নিরসন ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণসহ সাত দফা দাবিতে কর্মসূচি নেওয়া হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, কর্মসূচি বাস্তবায়নে ১৭টি উপকমিটি গঠন করা হয়েছে এবং শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ২৬৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। শনিবার সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে গাড়িবহর যাত্রা করবে। খুলনার শিববাড়ী মোড় ও ফুলতলা বাসস্ট্যান্ডে পথসভা শেষে বহরটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।