বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান তার স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা ও সম্মতিপত্র তৈরির অভিযোগে মামলা দায়ের করেছেন। রোববার (২২ জুন) রাতে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, একটি চুক্তিনামায় লাবলুর রহমানকে প্রথম পক্ষ এবং ফাহাদ হোসেনকে দ্বিতীয় পক্ষ দেখিয়ে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেলে ফাহাদ হোসেনকে অর্থ প্রদান করা হবে।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, ওই চুক্তিনামা ও পৃথক সম্মতিপত্রে লাবলুর রহমানের স্বাক্ষর জাল করা হয়েছে। তিনি জানান, তার সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি চক্র এই ঘটনা ঘটিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং নথিপত্র যাচাই ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।