আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং বিশজনের বেশি আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) কাবুলের শার-ই-নাও এলাকায় এই বিস্ফোরণ ঘটে, যা বিদেশিদের আবাসস্থল হিসেবে পরিচিত এবং তুলনামূলকভাবে নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত। তালেবান কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিকভাবে হতাহতদের তথ্য পাওয়া গেছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
ইতালীয় এনজিও ‘ইমার্জেন্সি’, যারা কাবুলে একটি হাসপাতাল পরিচালনা করে, জানিয়েছে যে বিস্ফোরণটি তাদের হাসপাতালের কাছেই ঘটেছে। তারা জানায়, অন্তত ২০ জনকে তাদের সার্জিক্যাল সেন্টারে আনা হয়, যাদের মধ্যে সাতজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। বিস্ফোরণের কারণ এখনো প্রকাশ করা হয়নি।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় আসার পর থেকে কাবুলে বিস্ফোরণের ঘটনা কমে এলেও ইসলামিক স্টেট–সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো এখনও সক্রিয় এবং ২০২৫ সালেও একাধিক আত্মঘাতী হামলা চালিয়েছে।