ইরাকের কেন্দ্রীয় সরকার উত্তরাঞ্চলীয় সিনজার জেলায় ইয়াজিদি নেতৃত্বাধীন সিনজার রেজিস্ট্যান্স ইউনিটস বা ওয়াইবিএসকে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোয় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। সোমবার এক রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি সংসদ সদস্য মুরাদ ইসমাইলের নেতৃত্বাধীন ইয়াজিদি কজ অ্যালায়েন্সের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান। ধারণা করা হচ্ছে, প্রায় আড়াই হাজার স্থানীয় যোদ্ধা ইরাকের নিরাপত্তা বাহিনীতে যোগ দেবেন; তবে তাঁরা কোন কোন বাহিনীতে অন্তর্ভুক্ত হবেন, তা নিয়ে আলোচনা চলছে।
২০১৪ সালে ইসলামিক স্টেটের হামলার পর থেকে সিনজারে নিরাপত্তা ও রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলেছে। ওই গণহত্যায় অন্তত পাঁচ হাজার মানুষ নিহত এবং হাজার হাজার নারী ও শিশু অপহৃত হন। কুর্দিস্তান আঞ্চলিক সরকার বাগদাদের পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ২০২০ সালের বাগদাদ-কেআরজি চুক্তি বাস্তবায়ন করা উচিত ছিল, যেখানে ওয়াইবিএসসহ রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠীগুলোকে সিনজার থেকে সরানোর কথা ছিল।
তুরস্ক বাগদাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বলেছে, তাদের প্রধান উদ্বেগ এলাকার বাইরের পিকেকে সদস্যদের নিয়ে। তবে নতুন প্রশাসন গঠন, অবকাঠামো পুনর্নির্মাণ, ক্ষতিপূরণ এবং বাস্তুচ্যুতদের ফেরানো বড় চ্যালেঞ্জ। আইওএম ও ইউএনএইচসিআরের আগস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দিস্তান অঞ্চলের শিবিরগুলোতে এখনো ৮৯ হাজার ৭০৯ জন বাস্তুচ্যুত মানুষ রয়েছেন, যাঁদের অধিকাংশ ইয়াজিদি।