চলমান যুদ্ধের মধ্যেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ভিসা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত সপ্তম মাসে গড়ালেও আগামী সপ্তাহে জাতিসংঘের এই অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, জাতিসংঘ অধিবেশনের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবেই ভিসাগুলো দেওয়া হয়েছে। দপ্তরের এক মুখপাত্র জানান, স্বাগতিক দেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধিদল সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে পারবে। তবে প্রতিনিধিদলের ওপর কঠোর ভ্রমণ বিধিনিষেধ এবং বিলাসপণ্য আমদানির নিষেধাজ্ঞা বহাল থাকবে।
যুদ্ধ বন্ধ বা হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো স্পষ্ট সমাধান দেখা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রণালিটির অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় চাপ সৃষ্টি করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ কয়েকজন ফিলিস্তিনি কর্মকর্তা ও পিএলও প্রতিনিধির ভিসা নিষিদ্ধ করেছে, যা ফিলিস্তিন রাজনৈতিক সমাধানের প্রচেষ্টাকে দুর্বল করবে বলে সমালোচনা করেছে।