সাবেক ইসরাইলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস বলেছেন, গাজায় যুদ্ধোত্তর শাসনব্যবস্থা তদারকির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’ কার্যত অকার্যকর। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বোর্ডটি কাগজে-কলমে থাকতে পারে, কিন্তু বাস্তবে এর অস্তিত্ব নেই। তিনি আরও বলেন, ইসরাইল এখনো গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করেনি।
গাজার মানুষকে সরিয়ে দেওয়ার উদ্যোগকে পিঙ্কাস ‘নৈতিক অধঃপতন’ হিসেবে বর্ণনা করেন এবং এটিকে বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গাজায় প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন এবং তারা মৌলিক প্রয়োজনীয় সামগ্রী ও খাদ্যসংকটে রয়েছে। তিনি বলেন, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় সেখানে মানুষকে টিকিয়ে রাখার মতো কৃষিব্যবস্থা নেই।
পিঙ্কাসের মতে, গাজায় ইসরাইলের ‘পূর্ণ বিজয়’ লক্ষ্য অর্জন সম্ভব নয়। তিনি বলেন, ইসরাইল বিজয় অর্জন করতে চাইলে তাকে পুরো গাজা উপত্যকা দখলে নিতে হবে। তবে গাজা দখল করার অর্থ হলো সেখানে যা কিছু ঘটবে, তার সম্পূর্ণ দায় ইসরাইলের ওপর বর্তাবে।