লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চলতি বছর পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার বিক্রির সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। ফলন গত বছরের তুলনায় কিছুটা কম হওয়ায় সুপারির দাম বেড়েছে। আকার ও মানভেদে ৮০টি সুপারির এক পোন এখন ১৬০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছরের চেয়ে ২০ থেকে ৫০ টাকা বেশি।
মীরগঞ্জ, রাখালিয়া, মোল্লার হাট, বাসাবাড়ি, মিতালি বাজার, বাবুর হাট ও হায়দরগঞ্জ হাটে সুপারির বড় বাজার রয়েছে। মীরগঞ্জ ও হায়দরগঞ্জ প্রধান বাণিজ্যকেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য। রায়পুরের সুপারি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। এ উৎপাদন ও বিপণন কার্যক্রম স্থানীয় অর্থনীতিতে আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
সেপ্টেম্বর থেকে নভেম্বর সুপারি কেনাবেচার মূল মৌসুম। পাইকার ও মজুতদারেরা কেনা সুপারির একাংশ পানিতে ভিজিয়ে এবং অন্য অংশ শুকিয়ে সংরক্ষণ করেন। জানুয়ারি থেকে মার্চে ভেজানো সুপারির চাহিদা ও দাম বাড়ে। উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর জেলায় উৎপাদিত সুপারির অর্ধেকের বেশি রায়পুর উপজেলা থেকে আসে।