গাজীপুরের টঙ্গীতে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার বেলা ১১টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। ওই ঘটনার প্রতিবাদেই শিক্ষার্থীরা পরদিন বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন।
ব্যানার ও স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা মাদরাসার সামনে একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানান। তারা বলেন, কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হন এবং সেখানে ফুটওভারব্রিজ জরুরি। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের খবর পাঠানো হয়েছে।