পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আকস্মিক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেড়া পৌরসভার বৃশালিখা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে বৃশালিখা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি বেড়া থানার সামনে গিয়ে কিছু সময় অবস্থান করে এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেয়। থানার ফটক ভাঙচুরের চেষ্টার অভিযোগও উঠেছে। তবে থানার ওসি তদন্ত মো. রাশিদুল ইসলাম বলেন, মিছিলটি থানা-সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় ফটকের সামনে স্লোগান দিয়েছে; একে থানা ঘেরাও বলা ঠিক হবে না।
সংঘর্ষের মধ্যে টুকুর বাড়ির ভেতরে ও পাশের খড়ের পালায় আগুন দেওয়া হয়। কারা হামলা ও অগ্নিসংযোগে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে। হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।