নরসিংদীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর প্রায় ১৫ মিনিট পর শিক্ষার্থীরা বুঝতে পারেন যে তাদের ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। পরে সঠিক প্রশ্নপত্র বিতরণ করা হলেও অতিরিক্ত সময় না দেওয়ায় শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন।
কেন্দ্র সচিব ও নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাছিমা আক্তার ঘটনাটি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর। প্রশ্নপত্র গ্রহণ ও বিতরণের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক অলক কুমার পাল এবং সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাসেদুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজসহ সব তথ্য পর্যালোচনা করা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।