চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে ১৯৮৩ সালের ৫ জুলাই সর্বোচ্চ ৪০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। টানা ও অতিভারি বৃষ্টিতে নগরীর নিচু এলাকা ও প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। পাহাড়ধসের আশঙ্কায় জেলা প্রশাসন পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বান্দরবানে ১৭৬, সীতাকুণ্ডে ১৭০, হাতিয়ায় ১৪৩, খেপুপাড়ায় ১০৬ এবং টেকনাফে ৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। রাজধানী ঢাকাতেও ৪৬ মিলিমিটার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম জানিয়েছে, মৌসুমের দ্বিতীয় শক্তিশালী বৃষ্টিবলয় দেশে প্রবেশ করেছে, যা ১৩ জুলাই পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এতে সিলেট ও পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি সর্বাধিক।