ইরান-সমর্থিত ইয়েমেনি হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধে প্রচারযুদ্ধে জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথিকে ব্যবহার করছে। তারা এমন প্রতিবেদন ছড়াচ্ছে যে সৌদি রাজদরবার-সংশ্লিষ্ট ব্যক্তিরা পবিত্র কাবা শরিফের গিলাফ এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে পাঠিয়েছিলেন। হুথিদের লক্ষ্য সৌদি নেতৃত্বের ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা। এ অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো জবাব দেয়নি।
গত মাসে সৌদি আরব অভিযোগ করেছিল, হুথিরা মক্কার দিকে ড্রোন হামলা চালিয়েছে; হুথিরা তা অস্বীকার করে। পরে হুথি প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত বলেন, যারা এপস্টেইনকে কাবার গিলাফ দিয়েছিল, তারাই মক্কায় হামলা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, হুথিরা সৌদি আরবের সঙ্গে সংঘাতকে যুক্তরাষ্ট্র ও কথিত ‘এপস্টেইন শ্রেণির’ বিরুদ্ধে ইরান-সমর্থিত বৃহত্তর লড়াই হিসেবে তুলে ধরছে।
বিশ্লেষক মোহাম্মদ আল-বাশা বলেন, হুথিদের প্রচার কার্যক্রম এখন টেলিভিশন, ওয়েবসাইট, বেতার, সংবাদপত্র, ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠিত নেটওয়ার্কে পরিণত হয়েছে। প্রচারের বড় লক্ষ্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাবমূর্তি। জাতিসংঘের হিসাবে আগস্টে সংঘাত তীব্র হওয়ার পর প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ সপ্তাহে প্রায় ১ হাজার ৬০০ নিহতের কথা জানিয়েছে।