বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও বর্তমান সরকারের সদিচ্ছা ও আন্তরিকতা দেখা যাচ্ছে না। শনিবার সকাল ১১টায় ফরিদপুরের ভাঙ্গা নতুন পৌরসভার বটতলা মোড়ে ১১ দলীয় জোটের লংমার্চের যাত্রাবিরতিতে তিনি এ কথা বলেন।
লংমার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া শত শত মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শফিকুর রহমান। তিনি বলেন, লংমার্চের প্রতি আস্থা ও সমর্থনে মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমেছে এবং এ কর্মসূচিকে কেন্দ্র করে জনতার ঢল নেমেছে। জনগণের কাঙ্ক্ষিত সব দাবি আদায়ের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জোটটি রাজপথে নেমেছে বলে তিনি উল্লেখ করেন।
দখলবাজ ও দুর্নীতিবাজরা যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ঢাকা-খুলনা-কুষ্টিয়া অঞ্চলে আয়োজিত এই লংমার্চের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা। গাড়িবহরের নিরাপত্তায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।