বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে স্থগিত থাকা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। মঙ্গলবার প্রকাশিত সূচি অনুযায়ী, স্থগিত বিষয়গুলোর পরীক্ষা ২০ আগস্ট শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হবে। প্রথম দিন ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নতুন রুটিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা ধারাবাহিকভাবে রাখা হয়েছে। আরবি, কৃষিশিক্ষা এবং গৃহ ব্যবস্থাপনা ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, ব্যবহারিক পরীক্ষা ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত পরীক্ষাকক্ষে আসন নিতে বলা হয়েছে এবং বোর্ডের সব নির্দেশনা মেনে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।