২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হচ্ছে। এবারে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে এবং লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী, মাদ্রাসা বোর্ডে ৩ লাখের বেশি এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন।
প্রতিটি বিষয়ে বহুনির্বাচনী ও সৃজনশীল অংশে পরীক্ষা হবে এবং শিক্ষার্থীদের আলাদাভাবে তিন অংশে পাস করতে হবে। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং মোবাইল ফোন বহন নিষিদ্ধ।