কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় বলিভার প্রদেশের সান্তা রোসা পৌরসভায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় তিন সেনাসদস্য নিহত এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন। কলম্বীয় সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন জানিয়েছে, বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে সামরিক ক্যান্টনমেন্টের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলাটি চালানো হয়। আরও কয়েকজন সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার পরপরই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণে সেনাসদস্যরা কাজ শুরু করেছেন। সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।
বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবন হুমকির মুখে ফেলতে পারে এমন সহিংস ঘটনা ঠেকাতে সাধারণ মানুষের কাছে আগাম তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। হামলার পরিকল্পনা বা সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য জানাতে নাগরিকদের সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগের অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ।