পটুয়াখালীর কুয়াকাটায় সোমবার থেকে শুরু হচ্ছে শত বছরের রাস উৎসব ও রাসমেলা। পাঁচ দিনব্যাপী এ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। পূর্ণিমার আলোয় সমুদ্রসৈকতে পুণ্যস্নান, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও লোকজ মেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থী ও দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। আয়োজকদের প্রত্যাশা, এবার দুই থেকে তিন লাখ মানুষের সমাগম হবে।
রোববার রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে সংগীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম সংকীর্তনের মাধ্যমে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার পূজা-অর্চনা, গীতাপাঠ, কীর্তন ও সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে পূর্ণিমা তিথিতে কুয়াকাটা সৈকতে গঙ্গাস্নান বা পুণ্যস্নান হবে। একই দিন বিকেল থেকে কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনের রাসমেলা।
উৎসবকে ঘিরে প্রশাসন নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে; সৈকত ও গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নজরদারি এবং সিসিটিভি পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের চিকিৎসাসেবার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। ব্যবসায়ী মো. ইব্রাহিম বলেন, মেলার সময়ে পর্যটক বাড়ায় বেচাকেনাও বাড়ে। প্রশাসনের কর্মকর্তারা নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রস্তুতির কথা জানিয়েছেন।