কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পর্যটকদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ শোক জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ায় সংঘটিত ঘটনাটিকে তিনি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক হিসেবে বর্ণনা করেন। তিনি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত বলেও উল্লেখ করেন।
নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারে এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান পরওয়ার। তিনি নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।