জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এমন ভয়ভীতিমুক্ত সুষ্ঠু নির্বাচন তিনি চান। বুধবার রাজধানীর কল্যাণপুরে ইবনেসিনা হাসপাতালে দলের আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। জামায়াতের দাবি, মঙ্গলবার মিরপুরের পীরেরবাগ এলাকায় বিএনপির হামলায় তাদের ১৬ জন নেতাকর্মী আহত হন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি কর্মীরা জামায়াতের নারী সদস্য ও দায়িত্বশীলদের ওপর হামলা চালিয়ে তাদের আটক করে রাখে, পরে আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে তারা মুক্তি পান। তিনি বলেন, কোনো ব্যক্তি বা দলের মব তৈরি করার অধিকার নেই এবং নির্বাচনকে সহিংসতার মাধ্যমে প্রভাবিত করা উচিত নয়। তিনি নির্বাচন কমিশন ও সরকারকে আহ্বান জানান, যেন সব দলের জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়।
জামায়াত আমির বলেন, দলটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সতর্ক করে বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে জনগণ ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে।