বাংলাদেশ জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করেন এবং সর্বসম্মত কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। এই আইনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহারের সুযোগ তৈরি হয়েছে।
আইন অনুযায়ী, নির্ধারিত বিধান অনুসারে এসব অভিযোগ বাতিল করা হবে এবং ভবিষ্যতে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কারও বিরুদ্ধে নতুন কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পূর্ণ আইনি সুরক্ষা পাবেন।
এর আগে সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ পাস হয়েছে, যা সরকারের হাতে কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার ক্ষমতা প্রদান করেছে। এর মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে।