শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, মেধা ও নতুন ধারণার বিকাশ ঘটাতে হবে। জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার ঢাকার মিরপুরে বিসিআইসি কলেজে আয়োজিত উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, উৎপাদনশীলতা একটি চলমান প্রক্রিয়া এবং এর কোনো চূড়ান্ত সীমা নেই। কম কর্মঘণ্টায় বেশি ও উন্নতমানের উৎপাদন অর্জনই এর মূল লক্ষ্য। তিনি উৎপাদনশীলতাকে একটি সংস্কৃতি হিসেবে উল্লেখ করে বলেন, যে দেশগুলো এ সংস্কৃতি গ্রহণ করেছে তারা ধারাবাহিকভাবে উন্নতি করেছে। প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা ও চিন্তাশক্তির প্রশংসাও করেন তিনি।
মন্ত্রী বলেন, অনেক ধারণা এখনো যন্ত্র বা বাস্তব পণ্যে রূপ নেয়নি, তবে সেগুলো ভবিষ্যৎ উদ্ভাবনের ভিত্তি হতে পারে। স্বীকৃতি পাওয়া ধারণাগুলোর বাণিজ্যিক প্রয়োগ ও স্টার্ট-আপ হিসেবে অর্থায়নের সম্ভাবনা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। তরুণদের ভালো ধারণা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহযোগিতা করবে বলেও তিনি জানান। কলেজে আধুনিক প্রযুক্তি, সিসিটিভি, প্রজেক্টরসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন।