রোববার দিবাগত রাত ১টায় ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। এই ম্যাচ ঘিরে অবরুদ্ধ গাজা উপত্যকায়ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেক ফিলিস্তিনি সমর্থক স্পেনকে সমর্থন করছেন, কারণ তাদের মতে ফিলিস্তিনের প্রতি স্পেনের রাজনৈতিক ও মানবিক অবস্থানই এই সমর্থনের মূল কারণ।
আল জাজিরার তথ্যমতে, ২০২৪ সালের মে মাসে স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, এই সিদ্ধান্তের লক্ষ্য ছিল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়া, গাজার মানবিক সংকট নিরসন, যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং সহায়তা পৌঁছে দেওয়া। স্পেনের খেলোয়াড় লামিনে ইয়ামাল ও সাবেক কোচ পেপ গার্দিওলাসহ কয়েকজন ক্রীড়াবিদ গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন, যা ফুটবলের সীমা ছাড়িয়ে প্রতীকী গুরুত্ব পেয়েছে।
ইসরাইলি হামলা ও বিদ্যুৎ সংকটের মধ্যেও গাজা সিটির প্যালেস্টাইন স্পোর্টস ক্লাবে প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়েছে। স্থানীয় কোচ হাতেম আল মাগরিবি ও সাবেক ফুটবলার আদনান আল আফিফি জানান, এসব আয়োজন স্পেনের প্রতি কৃতজ্ঞতা ও গাজার ক্রীড়া চেতনা পুনরুজ্জীবনের প্রতীক।