রংপুর নগরীতে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯)-কে রোববার বিকেল ৫টার দিকে রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। বিচারক মো. রফিকুল ইসলামের আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, দুই আসামি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন, তাই তাদের আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি। তারা নিহতদের বাড়ির আশপাশের এলাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়। শনিবার রাতে কামাল কাছনা মাছুয়াপাড়ার বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ রোববার ভোরে মাছুয়াপাড়া এলাকা থেকে মুগ্ধ ও তার মামাতো ভাইয়ের ছেলে সিদ্ধার্থকে আটক করে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ ঘটনার বিবরণ দেন। তদন্ত কর্মকর্তা বলেন, আসামিরা আদালতের জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন।