ঢাকার একটি আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিহাদ নামের এক কিশোরকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক বদিয়ার রহমানের জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত এ আদেশ দেন। তদন্তে দেখা যায়, ভুক্তভোগী জিহাদ জীবিত এবং মামলায় ঘটনাস্থল ও তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১১ আগস্ট তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হয় এবং ৩০ নভেম্বর আদালত তা পর্যালোচনা করে অব্যাহতির আদেশ দেন। তদন্তে প্রমাণিত হয়, জিহাদ কেরানীগঞ্জে নয়, হাজারীবাগে আহত হয়েছিলেন এবং মামলাটি মিথ্যা তথ্যের ভিত্তিতে হত্যা মামলা হিসেবে সাজানো হয়েছিল।
অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।