পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি কে এম বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা হোটেল সৈকতের সামনে সমুদ্রসৈকত এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত সাংবাদিক বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সৈকতে অবস্থানকালে তার ওপর অতর্কিত হামলা হয়। লতাচাপলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাইজিদ রানা এবং কুয়াকাটা পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লির নেতৃত্বে আরও পাঁচ থেকে ছয়জন এতে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা কে এম বাচ্চুর মাথা ও দুই পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশালে পাঠান। অভিযুক্তদের ফোন বন্ধ পাওয়া গেছে বলে জানানো হয়। মহিপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।