ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে ২০২৫–২০২৬ অর্থবছরের অনুমোদিত গবেষণা প্রকল্পগুলোর ফলাফল, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা উপস্থাপন করতে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবনে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবন দেশের শিল্প, অর্থনীতি ও সমাজে কার্যকর অবদান রাখতে পারে। তিনি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রকাশনা, পেটেন্ট ও শিল্পখাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং গবেষণা খাতে আর্থিক বরাদ্দ বাড়াতে ইউজিসিকে আহ্বান জানান। উপ-উপাচার্য গবেষকদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করে গবেষণার ফলাফল বাস্তব জীবনে প্রয়োগযোগ্য করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের গবেষণা প্রকল্প পরিচালকরা তাঁদের গবেষণার লক্ষ্য, পদ্ধতি, অনুসন্ধান ও সম্ভাব্য প্রয়োগ উপস্থাপন করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা আন্তঃবিভাগীয় সহযোগিতা ও গবেষণার ফল বাস্তবায়ন নিয়ে মতামত দেন এবং সমাপনী পর্বে প্রকল্প পরিচালকদের সার্টিফিকেট প্রদান করা হয়।