নিবন্ধটি বলছে, ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে রায় দেয়। এই রায় গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা চলমান মামলায় প্রভাব ফেলতে পারে বলে ইসরাইলে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরাইল অভিযোগ অস্বীকার করে আসছে। জেরুজালেম পোস্টের একটি বিশ্লেষণে বলা হয়েছে, মিয়ানমারবিষয়ক রায় ইসরাইলের আইনি প্রতিরক্ষাকে দুর্বল করতে পারে।
নিবন্ধ অনুযায়ী, গণহত্যা নির্ধারণে আদালত শুধু হত্যাকাণ্ড নয়, শারীরিক ও মানসিক নির্যাতন এবং একটি জনগোষ্ঠীর ধ্বংস ডেকে আনতে পারে এমন জীবনযাপনের পরিস্থিতিও বিবেচনা করেছে। উদ্দেশ্য নির্ধারণে সরাসরি আদেশের পাশাপাশি বৈষম্য, বক্তব্য, কর্মকাণ্ড ও সামগ্রিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ হতে পারে। মিয়ানমার মামলায় জাতিসংঘের প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
ইসরাইলবিরোধী জনচাপও বেড়েছে বলে নিবন্ধে বলা হয়েছে। আয়োজকদের হিসাবে, ৮ নভেম্বর আমস্টারডামের বিক্ষোভে দুই লাখের বেশি মানুষ অংশ নেন। যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরেও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়েছে। ইউরোপীয় ফিলিস্তিন কাউন্সিলের হিসাবে, অক্টোবর ২০২৩ থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত ৩০ দেশের ৮১৮ শহরে ৬৮ হাজারের বেশি বিক্ষোভ ও সংহতি কর্মসূচি নথিভুক্ত হয়েছে।