নেপালের রাসুয়া অঞ্চলে বিধ্বংসী আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১৬০ জনে পৌঁছেছে এবং অন্তত ৩০০ ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। বৃহস্পতিবার কাঠমান্ডুতে এনডিটিভি ওয়ার্ল্ড আন্বিক্ষা সামিটে তিনি বলেন, কাদা ও পানির তীব্র স্রোতে কয়েক ঘণ্টার মধ্যে শহর ও গ্রাম নিশ্চিহ্ন হয়েছে, হাজার হাজার মানুষ নিখোঁজ এবং বহু পরিবার গৃহহীন হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সব মিলিয়ে অন্তত ৫০০ বিদেশি নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিখোঁজ ৩০০ ভারতীয়ের বড় অংশ মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে তিব্বতমুখী পথ ব্যবহার করছিলেন। বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে নেপাল সরকার বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে কাঠমান্ডু থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে তিনি জানান।
আটকে পড়াদের উদ্ধার ও জরুরি ত্রাণ পৌঁছে দেওয়াই সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন খানাল। ত্রাণ পাঠানোর জন্য তিনি ভারতকে ধন্যবাদ জানান এবং বলেন, বহু দেশ নেপালের পাশে দাঁড়িয়েছে। পুনর্গঠনে বৈশ্বিক সহায়তার আবেদন জানিয়ে তিনি বলেন, নেপালের বড় অংশ নিরাপদ ও বন্যার প্রভাবমুক্ত; পোখারা ও মাউন্ট এভারেস্ট অঞ্চল পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে।