শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে। বৃহস্পতিবার বিচারক ব্রায়ান বিডশিড এ আদেশ দেন। প্রতিবেদনে ডলারের এই অঙ্ককে প্রায় ৭০ হাজার কোটি টাকা বলা হয়েছে। শিশু নিরাপত্তা ইস্যুতে মেটার বিরুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক দণ্ড।
নিউ মেক্সিকোর মামলা শুরু হয় ২০২৩ সালে। রাজ্যের আইনজীবীরা অভিযোগ করেন, মেটার প্ল্যাটফর্ম শিশুদের ক্ষতিকর যৌন বিষয়বস্তু ও যৌন অপরাধীদের সংস্পর্শের ঝুঁকিতে ফেলেছে। আদালত প্রথম ধাপে মেটার বিরুদ্ধে ‘আনফেয়ার প্র্যাকটিসেস অ্যাক্ট’ বারবার লঙ্ঘনের প্রমাণ পায় এবং বলে, সুপারিশভিত্তিক অ্যালগরিদম তরুণদের ক্ষতিকর কনটেন্ট ও ঝুঁকিপূর্ণ যোগাযোগের দিকে ঠেলেছে।
এর আগে একই মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল, ফলে মোট জরিমানা দাঁড়িয়েছে ৯৪২ মিলিয়ন ডলার। আদালত ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছে; এর প্রায় ৪২০ মিলিয়ন ডলার চিকিৎসা ও আচরণগত স্বাস্থ্যসেবায় ব্যয় হবে। মেটা রায়ের সঙ্গে দ্বিমত জানিয়ে আপিলের কথা বলেছে। আদালত অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় সুপারিশ, বার্তা, নগ্ন ছবি, নোটিফিকেশন ও ব্যবহারের সময়সংক্রান্ত নতুন বিধিনিষেধও দিয়েছে।