হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। ৬ আগস্ট রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যবান ধাতুটি সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম এক শতাংশ বেড়ে ৪ হাজার ২৮৫ দশমিক ৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা ১৮ জুনের পর সর্বোচ্চ।
একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। প্রতিবেদনে স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতিকে হরমুজ প্রণালির পরিস্থিতি ঘিরে বাজারের প্রত্যাশার সঙ্গে যুক্ত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত একটি সমঝোতা চুক্তির মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্রের পাঁচ মাসব্যাপী সংঘাত প্রশমিত হতে পারে। এতে হরমুজ প্রণালি দিয়ে নৌপরিবহন আবার স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে এবং বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।