বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৪ শতাংশে, যা মার্চে ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাব দেশের বাজারে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্য খাতে মূল্যস্ফীতি এপ্রিল মাসে বেড়ে হয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ, যা মার্চে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ভোক্তাদের ব্যয়চাপ আরও বেড়েছে। খাদ্যবহির্ভূত খাতেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে, যেখানে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশে, মার্চে যা ছিল ৯ দশমিক ০৯ শতাংশ। বাসাভাড়া, জ্বালানি ও পরিবহন ব্যয়ের বৃদ্ধি এ খাতে মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
গত বছরের এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ, যা তুলনামূলকভাবে সামান্য বেশি হলেও চলতি বছরের তথ্য ভোক্তা ব্যয়ের চাপ অব্যাহত থাকার ইঙ্গিত দেয়।