জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ অভিভাবকদের আহ্বান জানিয়েছেন সন্তানদের শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর চিন্তা না করে তাদের বৈশ্বিক নাগরিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে। শুক্রবার রাজধানীতে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) আয়োজিত উপজেলা ভিত্তিক ‘Startup, Science Project and Innovation Idea Showcasing’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিএনপি সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে নতুনকুঁড়ি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি উল্লেখযোগ্য। সেই ধারাবাহিকতায় নতুন প্রতিযোগিতা ‘Startup, Science Project and Innovation Idea Showcasing’ শুরু হয়েছে। তিনি বলেন, প্রতিটি শিশুর ভেতর বিশেষ প্রতিভা রয়েছে, যা খুঁজে বের করা ও বিকাশের সুযোগ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিন্তার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করছেন।
তিনি শিক্ষকদের আহ্বান জানান শিক্ষার্থীদের অনুসন্ধিৎসা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে, তাদের স্বকীয়তা অনুযায়ী মূল্যায়ন করতে এবং স্বাধীনভাবে চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করতে।