ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের কথায় বা আশ্বাসে তেহরানের কোনো আস্থা নেই; বরং কার্যকর পদক্ষেপই হবে বিশ্বাসের একমাত্র মানদণ্ড। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইরান কোনো গ্যারান্টি বা কথায় নয়, কেবল কার্যক্রমকেই গ্রহণযোগ্য মনে করে এবং অন্য পক্ষ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ইরানও কোনো পদক্ষেপ নেবে না।
গালিবাফ আরও বলেন, ইরান আলোচনার মাধ্যমে নয়, বরং সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র শক্তির মাধ্যমে প্রতিপক্ষের কাছ থেকে ছাড় আদায় করে। তার মতে, আলোচনায় ইরান কেবল প্রতিপক্ষকে বোঝায়। তিনি মন্তব্য করেন, যেকোনো চুক্তির প্রকৃত বিজয়ী সেই পক্ষ, যে চুক্তির পরদিন যুদ্ধের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে।
এই মন্তব্য এমন সময় এসেছে, যখন তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা চলছে।