ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। মঙ্গলবার (৩০ জুন) দেওয়া রায়ের পর জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পরই নির্বাচন কমিশন (ইসি) পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
তিনি বলেন, আদালত যে নির্দেশ দেবেন, ইসি সে অনুযায়ী ব্যবস্থা নেবে। আদালত যদি পুনর্নির্বাচনের নির্দেশ দেন বা দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে বলেন, ইসি তা বাস্তবায়ন করবে। কমিশন রায়ের কপি নিজ উদ্যোগে সংগ্রহ করবে না, কারণ তারা মামলার পক্ষ নয়। সংশ্লিষ্ট পক্ষ বা আদালত থেকেই রায়ের কপি ইসিতে পৌঁছাবে।
এর আগে ঋণখেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও ১৮ জানুয়ারি ইসি আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল। পরবর্তী আইনি প্রক্রিয়ার পর ৩০ জুন আপিল বিভাগ তাঁর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে, ফলে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনের ফলাফল এখন আদালতের নির্দেশের অপেক্ষায়।