কেনিয়ার জাতীয় পুলিশ পরিষেবা শনিবার জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা ভারি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। ৬ মার্চ থেকে শুরু হওয়া আকস্মিক বন্যায় দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পানির তোড়ে বহু গাড়ি ভেসে গেছে, বিমান চলাচল বিঘ্নিত হয়েছে এবং বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে ২ হাজার ৭০০-এর বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
যদিও কিছু এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কমেছে, পুলিশ সতর্ক করেছে যে নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা ও জলাবদ্ধতার কারণে নতুন করে বন্যার ঝুঁকি রয়ে গেছে। ৬ ও ৭ মার্চ নাইরোবিতে রাতভর প্রবল বৃষ্টিপাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয় এবং পূর্ব আফ্রিকার বৃহত্তম বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এরপর থেকে মৃত্যুর সংখ্যা ও ক্ষয়ক্ষতি ক্রমেই বেড়েছে।
আবহাওয়া ও পরিবেশবিজ্ঞানীরা বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পূর্ব আফ্রিকায় বন্যা ও খরা আরও তীব্র হচ্ছে। ২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে বিধ্বংসী বৃষ্টির ঝুঁকি দ্বিগুণ হয়েছে।