বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিবেশগত স্থায়িত্বে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার ঢাকার একটি হোটেলে এক প্রকল্পের অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা ও নতুন বাণিজ্যিক এবং পরিবেশগত মানদণ্ড পূরণে কারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুত হতে হবে।
মন্ত্রী বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে এবং এ খাত লাখ লাখ মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করছে। আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রমচর্চা, সম্পদের দায়িত্বশীল ব্যবহার ও সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা প্রত্যাশা করে। নতুন ইউরোপীয় ইউনিয়ন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানার সক্ষমতা বাড়ানোর কথাও তিনি বলেন।
সরকার প্রক্রিয়া সহজীকরণ, লজিস্টিকস ব্যয় কমানো এবং লাইসেন্সিং, কমপ্লায়েন্স ও বন্দর অনুমোদন দ্রুত করতে কাজ করছে বলে জানান মন্ত্রী। এসসিএআইপি প্রকল্পে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহারে স্বপর্যবেক্ষণ জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আলোচনায় ডিজিটাল পরিদর্শন, ইটিপির অনলাইন পর্যবেক্ষণ, ট্রেসেবিলিটি কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী ডেটা ইকোসিস্টেম নিয়েও আলোচনা হয়।