ইসরায়েলের আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জয়েন্ট লিস্ট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী ‘চেঞ্জ ব্লক’-এর প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে। জোটটির সংসদীয় ব্লকের প্রধান ও নেসেটের আরব সদস্য আহমাদ তিবি বুধবার লিখিত বিবৃতিতে এই আহ্বান জানান। তিনি বলেন, এ প্রক্রিয়া নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণের মাধ্যমে শুরু হবে।
তিবি বলেন, আরব নাগরিকদের ব্যাপক ভোটার উপস্থিতি জয়েন্ট লিস্টের জন্য ঐতিহাসিক অর্জন এবং এটি রাজনৈতিক পরিবর্তনে জোটটির নির্ধারক শক্তি হওয়ার প্রমাণ। মধ্য ইসরায়েলের তাইবে শহরে বুধবার ভোরে সমর্থকদের সমাবেশে তিনি বলেন, ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও ভোটে বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও আরব নাগরিকদের কণ্ঠ ছিল ‘সবচেয়ে জোরালো’। তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের বিদায়ের সময় এসেছে।
৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনা শেষে ইসরায়েলি সংবাদমাধ্যমের পূর্বাভাসে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৪ আসন পেতে পারে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে সাতটি কম। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯ আসন এবং আরব নেতৃত্বাধীন দলগুলো মিলিয়ে ১৯ আসন পেতে পারে। জয়েন্ট লিস্টের ১২টি ও রা’আমের সাতটি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছে। চূড়ান্ত ফল প্রকাশ হলে সরকার গঠনের সমীকরণ স্পষ্ট হবে।