Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শিগগিরই একটি বৈঠকের আয়োজন করা হবে। বুধবার ভোরে টেক্সাসের নির্বাচনি সমাবেশ শেষে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ট্রাম্প জানান, এয়ারফোর্স ওয়ানে সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র অনেক অগ্রগতি অর্জন করছে এবং প্রস্তাবিত বৈঠকে পুতিন ও জেলেনস্কি অংশ নেবেন। তবে বৈঠকের সময়, স্থান বা আয়োজনের ধরন তিনি জানাননি। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আবুধাবি ও জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা শান্তি আলোচনা হয়েছিল। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর দুই দেশের প্রেসিডেন্ট সরাসরি বৈঠক করেননি।

ইরান প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায়, তবে আলোচনা এগোতে দেরি করছে এবং ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করতে পারে। নির্বাচনের পর নতুন হামলার সম্ভাবনা নাকচ না করে তিনি বলেন, যেকোনো কিছুই সম্ভব, তবে তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। সূত্র অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া সংঘাতের স্থায়ী সমাধান হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।