বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে দলের আমিরে মজলিস আল্লামা মামুনুল হককে প্রার্থী করার কোনো সাংগঠনিক সিদ্ধান্ত তাদের নেই। জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে লড়বেন বলে গুঞ্জন ওঠার পর দলটির পক্ষ থেকে এই ব্যাখ্যা দেওয়া হয়।
মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর নির্বাচনি প্রতীক ছিল রিকশা। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী ছিলেন।
দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব হাসান জুনাইদ বলেন, খেলাফত মজলিস সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে প্রার্থী দেবে। তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত রয়েছে এবং একাধিক সম্ভাব্য প্রার্থী নিয়ে পর্যালোচনা চলছে।