শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষায় নকল, মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মিলন জানান, কচুয়া উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত করা হবে এবং এখান থেকেই দুর্নীতিমুক্ত করার যাত্রা শুরু হবে। এসব উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে বলে তিনি উল্লেখ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এই সাংসদ বলেন, আগামী দিনের বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিলন আরও বলেন, কচুয়া থেকে নকলমুক্ত করার যাত্রা যেমন শুরু হয়েছিল, এবারও সেখান থেকেই নতুন উদ্যোগের সূচনা হবে।