জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ২৮ জন বিচারককে কেন শোকজ করা হলো, শুধুমাত্র নিজেদের অভ্যন্তরীণ গ্রুপে মতামত প্রকাশের কারণে। তিনি বলেন, বিচারকদের মধ্যে গঠনমূলক আলোচনা করার জায়গাটাও যদি নিরাপদ না থাকে, তবে বিচার বিভাগের স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে আছে তা ভাবার বিষয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, স্ক্রিনশট নিয়ে বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভয় দেখানোর একটি প্রচেষ্টা, যার বার্তা স্পষ্ট—‘চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন’। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর বিচারকরা কিছুটা সাহস নিয়ে ভাবতে ও লিখতে পারছিলেন, কিন্তু এখন সেই পরিবেশ আবার ভয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। এতে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগও দুর্বল হয়ে পড়ছে।
তিনি বলেন, এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং একটি সিস্টেমের সমস্যা। বিচারকদের কণ্ঠ নিয়ন্ত্রণ করলে শেষ পর্যন্ত পুরো দেশকেই এর ক্ষতি বহন করতে হবে। তিনি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান।