ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আনাদোলুর খবরে বলা হয়েছে, প্যারিসে ফিলিস্তিনপন্থী সংগঠন ইউরোপ্যালেস্টাইনের উদ্যোগে শত শত মানুষ সমাবেশে অংশ নেন। তারা গাজায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধ, ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি তোলেন।
অন্যদিকে, নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে মরক্কোর ফুটবল সমর্থকরা জড়ো হয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ও স্লোগান দিয়ে গাজার জনগণের পাশে থাকার বার্তা দেন। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি গাজায় বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত এবং মানবিক সহায়তা প্রবেশের পথ উন্মুক্ত করার আহ্বান জানান।
তারা বিশ্ব নেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।