ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরাইলে আরও কয়েক ডজন রিফুয়েলিং বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নতুন সামরিক পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে, যার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের বিদ্যুৎকেন্দ্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং পিকঅ্যাক্স মাউন্টেইনের ভূগর্ভস্থ একটি স্থাপনা। তবে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে এবং পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে চাপ বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে টানা পঞ্চম দিনের মতো হরমুজ প্রণালি ও ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলা চলছে, যেখানে বন্দর আব্বাসের আশপাশের অন্তত সাতটি সেতুতে আঘাত হানা হয়েছে। অন্যদিকে, ইরান দাবি করেছে যে তারা জর্ডান, কাতার, বাহরাইন, ইরাক ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।
ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর ও রেমন বিমানঘাঁটিতে প্রায় ৬০টি মার্কিন রিফুয়েলিং বিমান রয়েছে এবং শিগগিরই আরও বিমান আসতে পারে। বিপুল সামরিক বিমান মোতায়েনের কারণে বেসামরিক বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে ইসরাইলে উদ্বেগ দেখা দিয়েছে।