দুবাইয়ে এক অনুষ্ঠানে হুয়াওয়ে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টওয়াচ ‘ওয়াচ জিটি ৬ প্রো’। প্রতিষ্ঠানটির দাবি, এই ঘড়িটি শুধু হাঁটার গতি বা হৃদস্পন্দন মাপার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি শরীরের গুরুত্বপূর্ণ সূচক বিশ্লেষণ করে ডায়াবেটিসের প্রাথমিক ঝুঁকি শনাক্ত করতে সক্ষম। এতে ব্যবহৃত হয়েছে হুয়াওয়ের উন্নত ফটোপ্লেথিসমোগ্রাফি (পিপিজি) প্রযুক্তি, যা সাধারণত হৃদস্পন্দন বা রক্তে অক্সিজেনের মাত্রা মাপতে ব্যবহৃত হয়, তবে এর মূল শক্তি সফটওয়্যার অ্যালগরিদমে।
ঘড়িটি কোনো সূক্ষ্ম সুই বা চামড়া ছিদ্র না করেই রক্তে শর্করার ঝুঁকি শনাক্ত করে। এটি টানা তিন থেকে চৌদ্দ দিন ব্যবহারকারীর শরীরের পিপিজি সিগন্যাল পর্যবেক্ষণ করে এবং দীর্ঘমেয়াদি ডেটা বিশ্লেষণ করে সম্ভাব্য বিপাকীয় সমস্যা শনাক্ত করে। বিশ্লেষণের ফলাফল তিনটি স্তরে প্রদর্শিত হয়—স্বল্প, মাঝারি ও উচ্চ ঝুঁকি। দুবাই হেলথ ফ্যাসিলিটিজের অধীনে প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবীর ওপর এই পরীক্ষা চালানো হয়েছে, যার তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ বিন রশিদ ইউনিভার্সিটির ড. মারিয়াম আল সাইদ।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে প্রায় ৪৩ শতাংশ ডায়াবেটিস রোগী জানেন না যে তারা আক্রান্ত, ফলে হুয়াওয়ের এই প্রযুক্তি তাদের জন্য জীবনরক্ষাকারী হতে পারে।